ব্রেভের ৯ শতাংশ কর্মী ছাঁটাই
ব্রেভ সফটওয়্যার তাদের ৯ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক সফটওয়্যার কোম্পানিটি ছাঁটাই করা ব্যক্তিদের সঠিক সংখ্যা না জানালেও কোম্পানিটির চলমান অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে। খবর টেকক্রাঞ্চ।
ব্রেভ মূলত ক্রোমিয়াম ওয়েব ব্রাউজারভিত্তিক একটি ফ্রি ও ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। ব্রাউজারটি বিজ্ঞাপন ও ওয়েবসাইট ট্র্যাকার ব্লক করে।
কোম্পানির এক মুখপাত্র জানায়, বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কোম্পানির ব্যয় কমানোর পদক্ষেপের অংশ হিসেবে কর্মী কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য কোম্পানির একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে।
ব্রেভ তার ব্রাউজারের জন্য লিও নামের একটি এআই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাসিস্ট্যান্ট নিয়েও পরীক্ষা চালাচ্ছে। পরিষেবাটির জন্য বিনামূল্যে ও প্রিমিয়াম উভয় প্ল্যানেই চালুর পরিকল্পনা করছে ব্রেভ।
ডিবিটেক/বিএমটি







